― Advertisement ―

চীনের দাবি, মার্কিন ট্রান্সশিপমেন্ট প্রতিবেদন ‘তথ্যবিকৃত’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রকাশিত ট্রান্সশিপমেন্ট-সংক্রান্ত প্রতিবেদনকে ‘তথ্যবিকৃত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং ওয়াশিংটনকে ‘দায়িত্বজ্ঞানহীন অভিযোগ’ বন্ধ করার আহ্বান জানান।

প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়েছে, চীনসহ বিভিন্ন দেশ থেকে পণ্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে শুল্ক এড়ানো হচ্ছে। এতে মার্কিন সরকারের বছরে প্রায় ১৯ থেকে ২৬ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব হারানোর কথা বলা হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ আমদানিতে নতুন শুল্কেরও বিরোধিতা করেছে। চীনের অভিযোগ, এসব শুল্ক চীনা পণ্যের প্রতি বৈষম্যমূলক এবং চীনা কোম্পানিগুলোর স্বার্থের ক্ষতি করছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি বিদেশি তৈরি ড্রোন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, এর লক্ষ্য বিদেশি, বিশেষ করে চীনা প্রযুক্তির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমানো এবং সরবরাহব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা।

চীনের পাল্টা অবস্থান দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।