― Advertisement ―

শাহজাদ ভাট্টি সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের

অমিত শাহের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে ভারতকে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি থেকে নজর সরানোর চেষ্টা করার অভিযোগ ইসলামাবাদের

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগসূত্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি অমিত শাহের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে ভারত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি থেকে আন্তর্জাতিক মহলের নজর সরানোর চেষ্টা করছে।

এর আগে সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমিত শাহ দাবি করেন, ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টকে সামনে রেখে দেশটির ১৪টি রাজ্যে সমন্বিত নিরাপত্তা অভিযানে শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের ২০০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক পাকিস্তানভিত্তিক একটি সন্ত্রাসী চক্র, যারা ভারতের বিভিন্ন এলাকায় গ্রেনেড, আইইডি ও পেট্রোল বোমা হামলা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে জড়িত। চক্রটি পুলিশ, প্রতিরক্ষা ও ধর্মীয় স্থাপনার তথ্য সংগ্রহ এবং গুপ্তচরবৃত্তির জন্য স্থানীয় ব্যক্তিদের ব্যবহার করত বলেও ভারতীয় কর্তৃপক্ষের দাবি।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অভিযানে আইইডি, পিস্তল, গুলি, গ্রেনেড এবং নজরদারির কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ১২ আগস্ট শুরু হওয়া সমন্বিত অভিযানে ১৪টি রাজ্যে ২৫৩ জনকে আটক করা হয় এবং ৮০টির বেশি এফআইআর করা হয়েছে।

এদিকে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে জড়িয়ে দেওয়া বক্তব্যের কোনো ভিত্তি নেই। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।