― Advertisement ―

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৬

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার (২০ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়িয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতিকে কাজে লাগিয়ে মস্কো এসব হামলা জোরদার করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন দেশকে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়েছেন। তবে ইরান যুদ্ধ এবং রাশিয়ার চার বছরের বেশি সময় ধরে চলা পূর্ণমাত্রার আগ্রাসনের কারণে আন্তর্জাতিক মজুতও সীমিত হয়ে পড়েছে।

ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম একমাত্র ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়টের ওপর কিয়েভের নির্ভরতা রয়েছে। ফলে এসব প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।