― Advertisement ―

ট্রাম্পের নির্দেশের পর দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া সংক্ষিপ্ত

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধেই এবারের ‘আলচি ফ্রিডম শিল্ড’ মহড়া সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর গ্রীষ্মে অনুষ্ঠিত এই সামরিক মহড়া সোমবার (১৭ আগস্ট) সকালে শুরু হয়। ১১ দিনব্যাপী মহড়াটি চলার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

ট্রাম্প সম্প্রতি পেন্টাগন প্রধানকে মহড়াগুলো ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে’ আনার নির্দেশ দেন। এর পেছনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় যৌথ মহড়া চালিয়ে আসছে। তবে এবারের মহড়ার সময় কমানোর সিদ্ধান্ত ওয়াশিংটন-সিউল সামরিক সম্পর্ক এবং উত্তর কোরিয়াকে ঘিরে মার্কিন নীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মহড়ার সময়সূচি পরিবর্তন হলেও দুই দেশের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। অন্যদিকে, উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের যৌথ সামরিক মহড়াকে নিজেদের বিরুদ্ধে উসকানি হিসেবে দেখে থাকে।