― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

বিএসইসিতে অচলাবস্থা, চেয়ারম্যানসহ কমিশনের পদত্যাগের দাবি

ডেস্ক রিপোর্টঃ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন, ফলে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বুধবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর থেকেই কমিশনে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টায় আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে পরিদর্শন করে দেখা গেছে, অফিস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং কার্যালয়ের ভেতরে-বাইরে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

অবশ্য দেশের দুই শেয়ারবাজার—ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন স্বাভাবিকভাবেই চলছে। তবে কমিশনের অভ্যন্তরীণ কাজকর্ম থমকে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১টা পর্যন্ত কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা কার্যালয়ে আসেননি। অন্য একটি সূত্র জানায়, চলমান সংকট নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার জন্য তারা সচিবালয়ে অবস্থান করছেন।

এদিকে, দুপুর পৌনে ১টায় বিএসইসির মাল্টিপারপাস হলে কর্মকর্তা-কর্মচারীরা বৈঠক করেন এবং পরবর্তী করণীয় ঠিক করেন। তারা সবাই প্রতিবাদস্বরূপ লাল ব্যাজ পরিধান করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ও কমিশনাররা প্রশাসনিক দক্ষতা ও সিকিউরিটিজ আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার পরও দায়িত্ব পালন করছেন। এছাড়া তারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আইনবহির্ভূতভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন।

অন্যদিকে, চেয়ারম্যানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কমিশনের সময়কার নানা অনিয়ম ও শেয়ার কারসাজির বিষয়ে তদন্তের ভিত্তিতে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এতে কিছু কর্মকর্তা অসন্তুষ্ট হয়ে বিক্ষোভ করছে এবং অচলাবস্থা সৃষ্টি করছে।

এখন পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা পরিষ্কার নয়। তবে এ ঘটনায় দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণব্যবস্থা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিএম/সজীব