ফিলিপাইনের রাজধানী মেট্রো ম্যানিলার একটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত এশিয়ার একমাত্র বিশেষায়িত এক্সরসিজম (ভূত তাড়ানোর ধর্মীয় আচার) প্রশিক্ষণ কেন্দ্র। এখানে শুধু ফিলিপাইনের পুরোহিতরাই নন, এশিয়ার বিভিন্ন দেশের ক্যাথলিক ধর্মযাজকদেরও এই প্রাচীন ধর্মীয় আচার পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।
কেন্দ্রটির পরিচালক ফাদার হোসে ফ্রান্সিসকো সিকুইয়া জানান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের পুরোহিতরা ইতোমধ্যেই এখানে প্রশিক্ষণের জন্য নাম নিবন্ধন করেছেন।
প্রশিক্ষণ কেন্দ্রটির ভেতরে অতিথি পুরোহিতদের থাকার জন্য সুসজ্জিত কক্ষ রয়েছে। উষ্ণ আলোকসজ্জায় সাজানো করিডোর পেরিয়ে পৌঁছাতে হয় একটি প্রার্থনাকক্ষে, যেখানে প্রায় ৪০০ বছর ধরে প্রচলিত ক্যাথলিক এক্সরসিজমের ধর্মীয় আচার অনুশীলন ও শেখানো হয়।
ধর্মীয় বিশ্বাস ও আধুনিক মানসিক স্বাস্থ্যসেবার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও এই প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে মানসিক অসুস্থতা ও কথিত ‘অশুভ আত্মার প্রভাব’—এই দুইয়ের পার্থক্য নির্ণয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



