― Advertisement ―

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার দাবানলের ধোঁয়ার কারণে দেশটির ওপর আরও শুল্ক (ট্যারিফ) আরোপের হুমকি দিয়েছেন। তাঁর অভিযোগ, কানাডা বন ব্যবস্থাপনা ও আগুন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতিবছর যুক্তরাষ্ট্রকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা তাদের বনাঞ্চল “সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না” এবং প্রয়োজনীয় বন ব্যবস্থাপনা ও শুকনো গাছপালা পরিষ্কারের মতো মৌলিক কাজ করছে না। তাঁর ভাষায়, এটি “ইচ্ছাকৃত অবহেলা” এবং এর ফলে সৃষ্ট দূষণের আর্থিক বোঝা কানাডার ওপর আরোপিত বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত করা উচিত।

এদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে ছড়িয়ে পড়া ঘন দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অস্বাস্থ্যকর বায়ুমানের সতর্কতা জারি করা হয়েছে।

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) পর্যন্ত দেশটিতে ৯৩৭টি সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে বেশিরভাগই এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ট্রাম্প দাবি করেন, প্রতিবছর এই দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তাই এর আর্থিক দায় কানাডাকেই বহন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।