উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগের হুমকি দিয়েছে। দেশটির দাবি, এই মহড়া যুদ্ধের প্রস্তুতি হিসেবে পরিচালিত হচ্ছে এবং গত বছরের তুলনায় এবার তা আরও উসকানিমূলক হবে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) এক বিবৃতিতে উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দেয়। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক তৎপরতা তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আগামী সোমবার (১৭ আগস্ট) থেকে তাদের বার্ষিক বড় পরিসরের যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে। দুই দেশ জানিয়েছে, এবারের প্রশিক্ষণের পরিধি আগের বছরগুলোর মহড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।
এদিকে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকভিত্তিক কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পারমাণবিক অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আবারও কূটনৈতিক আলোচনা শুরুর প্রস্তাব দিলেও কিম তা উপেক্ষা করেছেন।
উত্তর কোরিয়ার নতুন হুমকির ফলে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



