― Advertisement ―

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালন, পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা মেয়রের

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর হিরোশিমায় বৃহস্পতিবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই বিশ্বশক্তিগুলোর যুদ্ধনীতি ও পারমাণবিক অস্ত্র ধারণের যৌক্তিকতার সমালোচনা করেন।


মেয়র কাজুমি মাতসুই বলেন, পারমাণবিক অস্ত্রের অমানবিকতা উপেক্ষা করা এবং নিজস্ব সমৃদ্ধির জন্য শক্তি প্রয়োগকে গ্রহণযোগ্য মনে করা প্রতিশোধ ও সহিংসতার এক বিপজ্জনক চক্র সৃষ্টি করে। এর পরিণতিতে ভবিষ্যতে আবারও হিরোশিমা বা নাগাসাকির মতো ট্র্যাজেডি ঘটতে পারে।


অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) কাঠামোর মধ্যে থেকেই এমন একটি বিশ্ব গড়তে জাপান “বাস্তববাদী দৃষ্টিভঙ্গি” অনুসরণ করবে, যেখানে পারমাণবিক অস্ত্র আর কখনও ব্যবহার হবে না।


১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় লাখো মানুষ নিহত ও ক্ষতিগ্রস্ত হন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর হিরোশিমায় শোক ও শান্তির বার্তা নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।