― Advertisement ―

মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে লাইভস্ট্রিম চলাকালে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে (César Gastélum) গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার (৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সিনালোয়ার রাজধানী কুলিয়াকানে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গাস্তেলুম।


সিজার গাস্তেলুমের টিকটকে ৬ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী ছিল। তিনি বিভিন্ন ধরনের ভিডিও ও লাইভ কনটেন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।


মেক্সিকান কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদক কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার যোগ থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অপরাধী গোষ্ঠীকে দায়ী করা হয়নি।
মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্বদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। বিশেষ করে মাদক কার্টেল-প্রভাবিত এলাকাগুলোতে এমন সহিংসতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।