পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরও ১০ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে উদ্ধারকারীরা জরুরি অভিযান চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার উপকণ্ঠে অবস্থিত কয়লাখনিটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে থাকার কারণে বিস্ফোরণটি ঘটে।
সরকারি খনি পরিদর্শক ঘানি বেলুচ জানান, বিস্ফোরণের তীব্রতায় খনির ভেতরে ব্যাপক ধস নামে। এতে বহু শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি নিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে। তবে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দীর্ঘ সময় ধরে খনির ভেতরে আটকে থাকায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত কম।
পাকিস্তানে খনি দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বেলুচিস্তানের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, অপর্যাপ্ত বায়ু চলাচল এবং মিথেন গ্যাসের উপস্থিতির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।



