রাশিয়া দাবি করেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতভর দেশটির বিভিন্ন অঞ্চল এবং সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের ছোড়া ৬০৫টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাতভর পরিচালিত অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬০৫টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান (ড্রোন) শনাক্ত করে সফলভাবে ধ্বংস করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে জুলাইয়ের মাঝামাঝি থেকে রাশিয়ার জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ডবেরিজ (Wildberries)–এর বিভিন্ন স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
যদিও রাশিয়া বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবে রাশিয়ার দাবিও যাচাই করা সম্ভব হয়নি।



