― Advertisement ―

রিয়াদের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার রিয়াদের কারখানাটিতে হঠাৎ আগুন লাগলে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে বিষাক্ত ধোঁয়া ও আগুনে পুড়ে তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

এক যৌথ শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন। লাশ শনাক্তকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতা মেটাতে সৌদি প্রশাসনের সাথে নিবিড় সমন্বয় রক্ষা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় উদ্বুদ্ধ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেও নেওয়া হচ্ছে।

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।