আন্তর্জাতিক ডেস্ক
গাজা শহরের আবাসিক ভবনগুলো ধ্বংস করে শহরটি পুরোপুরি দখলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারই ধারাবাহিকতায় ইসরায়েলের হামলায় গাজা শহরে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।
অর্থাৎ আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কূটনৈতিক পদক্ষেপগুলো গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে খুব একটা ভূমিকা রাখতে পারেনি।
স্থানীয়রা বলছেন, পুরো এলাকা ধ্বংস করা হচ্ছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা অনেকে পরিবারসহ নিহত হচ্ছেন।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসরায়েলে দুটি রকেট নিক্ষেপের জন্য হামাস যে স্থান ব্যবহার করেছিল, সেখানে তারা হামলা চালিয়েছে।
এছাড়া একটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছিল বলেও জানানো হয়।
ইসরায়েলের চলমান হামলা শুরুর পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি গাজা শহর থেকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।



