ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে আরও বেগবান করতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগন নতুন করে কয়েকটি যুদ্ধজাহাজসহ প্রায় ৪ হাজার মেরিন ও নৌসেনা পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মূলত পারস্য উপসাগরে ইরানের ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে নিজেদের অবস্থান আরও সুসংহত করতেই ওয়াশিংটনের এই রণকৌশল।
নাম প্রকাশে অনিচ্ছুক চারজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সামরিক বহরে যুক্ত হচ্ছে ‘বক্সার এমফিবিয়াস রেডি গ্রুপ’। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে রওনা হতে যাওয়া এই শক্তিশালী নৌবহরে রয়েছে এফ-৩৫ লাইটনিং-টু যুদ্ধবিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্থল অভিযানের জন্য বিশেষ উভচর যান। এই মোতায়েন কেবল সমুদ্রসীমায় আধিপত্য নয়, বরং প্রয়োজনে সরাসরি স্থল যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির একটি পরিষ্কার সংকেত।
এর আগেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্র প্রায় আড়াই হাজার মেরিন সেনা এবং ‘ইউএসএস ট্রিপলি’ নামের একটি উভচর যুদ্ধজাহাজ এই অঞ্চলে মোতায়েন করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ‘বক্সার’ গ্রুপের অন্তর্ভুক্তি মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় শক্তির ভারসাম্য আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। তেহরান ও ওয়াশিংটনের এই সরাসরি সামরিক মহড়া পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।



