নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুর থেকে বরিশালে ময়না পাখির ছানা বিক্রি করতে এসেছিলেন তানজিম ইসলাম (১৮) নামে এক যুবক। এসময় তাঁকে আটক করে বন বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকা থেকে ময়না পাখির একটি ছানাসহ তাঁকে আটক করা হয়।
বন বিভাগ জানায়, দুপুরে মাদারীপুর থেকে ময়নার ছানা নিয়ে বরিশাল আসার পর তানজিমকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম তাঁকে অর্থদণ্ড দেন।
বন বিভাগের বরিশাল রেঞ্জের কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ময়না পাখির ছানাটিকে বন বিভাগের জিম্মায় লালন-পালনের জন্য রাখা হয়েছে। সেটি বড় হলে বনে অবমুক্ত করে দেওয়া হবে।
বন কর্মকর্তা আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন ধরে তানজিম ইসলাম মাদারীপুর থেকে বরিশালে এসে ময়না পাখি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ক্রেতা সেজে তাঁকে আটক করা হয়। পরে আটক তানজিম ইসলামকে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



