বিশেষ প্রতিনিধি: বরিশালে নদীতে গোসল করতে নেমে ৫ বছরের শিশু মামার মৃত্যু ও ৬ বছরের শিশু ভাগ্নি নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুরে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আবদুল্লাহর লাশ বিকেলে উদ্ধার হলে অপর শিশু সাউদা আক্তার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ।
নিহত শিশু আবদুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে এবং নিখোঁজ সাউদা আক্তার মো. মোক্তার বাঘার মেয়ের ঘরের নাতনি এবং একই গ্রামের মো. শামীম বয়াতির মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ২টার আবদুল্লাহ ও সাউদিয়া বাড়ি সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আবদুল্লাহকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু সাউদার কোনো খোঁজ মেলেনি।
এদিকে নিখোঁজ সাউদাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভোলা থেকে কোস্টগার্ডের একটি দল দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যুক্ত হয়।
হিজলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, ঘটনাস্থলে ড্রেজিং করে বালু উত্তোলনের কারণে গভীর গর্ত তৈরি হয়েছে। আবদুল্লাহর মরদেহ ওই গর্ত থেকেই উদ্ধার করা হয়েছে। তবে সাউদা এখনো নিখোঁজ বলে জানান তিনি।
বিএম/জ/রা



