শরীরের হাড়গোড় ভেঙেছে ঠিকই, কিন্তু ভাঙেনি ভোটের প্রতি টান। চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনী আমেজের মধ্যে এক অনন্য দৃশ্যের অবতারণা করলেন কামরুল হাসান বাপ্পি। বৃহস্পতিবার দুপুরে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যখন ভোটগ্রহণ চলছিল, তখন দেখা যায় চারজন মানুষ একটি হাসপাতালের বেড কাঁধে করে নিয়ে আসছেন। সেই বেডে শুয়েই কেন্দ্রে প্রবেশ করেন বাপ্পি এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাপ্পি কিছুদিন আগে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা নড়াচড়া করতে নিষেধ করলেও বাপ্পির মন পড়েছিল ভোটের মাঠে। তাঁর মতে, ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক দায়িত্ব, আর সেই টানেই তিনি হাসপাতালের বিছানা সমেত কেন্দ্রে হাজির হন। ভোট দিয়ে হাসিমুখে তিনি বলেন, “হাসপাতালে শুয়ে থাকলেও আমার মন ছটফট করছিল ভোটের জন্য। তাই সবার নিষেধ সত্ত্বেও চলে এলাম।”
বাপ্পির এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বাপ্পিকে ‘দল পাগল’ মানুষ হিসেবে অভিহিত করেন। এদিকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, বাপ্পির মতো অসুস্থ ভোটারদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।



