ভোটের দিনে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালকাঠির রাজাপুর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর তিন কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা পৌনে ২টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী চারজনকে আটক করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, কেন্দ্রে ‘ভোট কাটা’ বা অনিয়ম হচ্ছে এমন খবর পেয়ে ড. ফয়জুল হক তাঁর ব্যক্তিগত সহকারী ও কর্মীদের নিয়ে সেখানে যান। তিনি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গালিগালাজ ও ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রার্থীকে রক্ষা করতে গিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল, কর্মী জাহিদ ও সাইফুল গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ড. ফয়জুল হক অভিযোগ করেছেন, এটি কেবল লাঞ্ছনা নয়, তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।



