― Advertisement ―

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুইটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, ৩০ জনের বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, দেশটির মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন কর্ডোবা শহরের কাছে আদামুজ নামের একটি এলাকার পাশে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে ঢুকে পড়ে এবং সেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরিবহনমন্ত্রী পুয়েন্তে বলেন, ঘটনাটি “খুবই অস্বাভাবিক”, কারণ ট্রেনটি সোজা লাইনে লাইনচ্যুত হয়েছে। ওই রেললাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিলো।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশটি এক “গভীর শোকের এক রাত” পার করছে। মালাগা থেকে যাত্রা করা ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও।

উদ্ধারকর্মীরা জানান, একটি ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন ও অপর ট্রেনে ১০০ যাত্রী ছিলেন। ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের কারণে জীবিত মানুষ ও মরদেহ উদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়েছে।

আদিফের তথ্য অ্নুযায়ী, মালাগা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে।