সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কড়া বক্তব্য নিয়ে তেল আবিবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এই উসকানিমূলক অবস্থান আঙ্কারার সঙ্গে এক অপ্রয়োজনীয় কূটনৈতিক ও সামরিক সংঘাত ডেকে আনতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন খোদ ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের আসন্ন নেসেট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে নেতানিয়াহু সরকার তুরস্কবিরোধী প্রচারণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে সামরিক ও নিরাপত্তা গোয়েন্দাদের একটি বড় অংশ তুরস্কের মতো আঞ্চলিক পরাশক্তির সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলার জোর পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে তুরস্ক সীমান্ত থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সম্পূর্ণ সামরিক পরিকল্পনায় এই হামলা পরিচালিত হলেও আঙ্কারাকে চটানো এড়াতে বিষয়টি প্রকাশ্যে না আনার কৌশল ছিল গোয়েন্দাদের। তবে হামলা শেষ হতেই নেতানিয়াহু ও কাৎজ যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, তা গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবে নেয়নি।
এদিকে কূটনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর পাল্টা চাপ বাড়িয়েছে তুরস্ক। গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা সংহতি মিশনে ইসরায়েলি বাহিনীর হামলার জের ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে আঙ্কারা।



