― Advertisement ―

ত্রিপোলির উপকূলে নৌকাডুবি, ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে গত দুই দিনে নয় অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর এসব মরদেহ উপকূলে ভেসে আসে বলে জানিয়েছে ত্রিপোলি রেড ক্রিসেন্ট।

সোমবার (১৭ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে রেড ক্রিসেন্টের স্থানীয় শাখা জানায়, ত্রিপোলি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে তাজৌরা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ত্রিপোলি রেড ক্রিসেন্টের গণমাধ্যম কর্মকর্তা মুয়াদ জুরগানি রয়টার্সকে জানান, নৌকাটিতে প্রায় ১৯ জন অভিবাসী ছিলেন। ফলে আরও কয়েকজনের মরদেহ উপকূলে ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ইউরোপে যাওয়ার প্রত্যাশী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুট। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান দুর্ঘটনার শিকার হয়।