― Advertisement ―

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার আদেশে আপত্তি, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে পাকিস্তান সরকার

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে আদালতের এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ পাকিস্তান সরকার।


মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আদেশ চ্যালেঞ্জ করা হবে। তাঁর ভাষায়, আদালতের এই নির্দেশ ‘আইনের নির্ধারিত সীমার মধ্যে পড়ে না’।


সরকারের যুক্তি, কারাবন্দি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা কারাগার বা সরকারি হাসপাতালে দেওয়া সম্ভব নয়—এমন পরিস্থিতি তৈরি না হলে বেসরকারি হাসপাতালে নেওয়ার সুযোগ নেই বলেও দাবি করেছেন আইনমন্ত্রী।


এর আগে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্ট তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। আদালত তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠনের কথাও জানিয়েছে।


ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে একদিকে যেমন আইনি লড়াই শুরু হয়েছে, অন্যদিকে বিষয়টি পাকিস্তানের রাজনীতিতেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে।