পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়া এই আদেশকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তাঁর পরিবারের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।
কারাগারে থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে গত বছর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তাঁর দুই ছেলে। তাঁর আইনজীবীদের দাবি, কারাগারে থাকাকালে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক সময়ে তাঁর উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও উদ্বেগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। তিনি ১৬ সেপ্টেম্বর পর্যন্ত, অথবা চিকিৎসকেরা তাঁকে সুস্থ ঘোষণা করা পর্যন্ত হাসপাতালে থাকতে পারেন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেছেন, সিদ্ধান্তটি আরও আগে হলে ইমরান খানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হয়তো হতো না।
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তাঁর দল ও তিনি এসব মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।



