― Advertisement ―

রাশিয়ান হাউসে সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা হস্তান্তর ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাসপোর্ট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের ফুল-ফ্রি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসা সম্বলিত পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে রাশিয়ায় তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।

অনুষ্ঠানে রাশিয়ায় যাত্রার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন সেখানে অধ্যয়নরত প্রবীণ ও নবীন স্কলারশিপধারীরা, সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশে অবস্থানরত রুশ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ। এছাড়া রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে নতুন শিক্ষার্থীদের সাথে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও জরুরি নানা পরামর্শ ভাগ করে নেন।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেক্সান্দ্রা এ. খলেভনয়-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। পরে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সাব)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার এবং সংগঠনটির সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক বক্তব্য রাখেন।

অতিথিদের তালিকায় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর সহকারী অধ্যাপক ও আরইউডিএন (RUDN) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ড. বারেক কায়সার, মস্কোর এন. এন. ব্লখিন ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অনকোলজির অনকোপ্লাস্টিক ও রিকনস্ট্রাক্টিভ ব্রেস্ট সার্জন ড. মাহমুদুল হাসান এবং আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের গ্র্যাজুয়েট ও রাশিয়ান নিউক্লিয়ার এডুকেশন অ্যাম্বাসেডর ইরাদা তুত দিনিয়াত।

আমন্ত্রিত বক্তারা রাশিয়ায় তাদের শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় জীবন, নতুন সংস্কৃতি ও আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো, একাডেমিক সুবিধা অর্জন এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বিষয়ে তারা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়া থেকে অনলাইনে যুক্ত হওয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। তারা দেশটিতে পৌঁছানোর পূর্বপ্রস্তুতি, হলে আবাসন, শিক্ষক ও স্টাফদের সাথে যোগাযোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেন। রাশিয়ান হাউস কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।