পশ্চিম আলাস্কার একটি দুর্গম রাডার সাইটের কাছে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটে অ্যাংকরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে। বিমানটি অ্যাংকরেজ থেকে উড্ডয়ন করেছিল এবং অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি একটি সেসনা ৪৪১ এবং স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এ ঘটনাকে সামরিক পরিবারের জন্য ‘ভয়াবহ ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিহতরা দুর্গম ও কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
রাডার সাইটটি আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি দূরবর্তী রাডার নেটওয়ার্কের অংশ। দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালিত ছিল। দুর্ঘটনার কারণ জানতে এনটিএসবি তদন্ত শুরু করেছে।



