বিদেশের মিশনগুলোতে প্রবাসী নারী শ্রমিকদের সহায়তায় বিশেষ জরুরি হটলাইন এবং ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালুর নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর নানা প্রান্তে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনার উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কমিটির বিশেষ আমন্ত্রণে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।
বৈঠকের শুরুতে নতুন গঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও গত ছয় মাসের অর্জনের পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও সমন্বিত করার ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন।
বিশেষ এক প্রস্তাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে নারী শ্রমিকদের সুরক্ষায় একটি ২৪/৭ জরুরি হটলাইন চালু এবং আন্তর্জাতিক শিক্ষাবাজারে দেশের তরুণদের অবস্থান সুদৃঢ় করতে ‘শিক্ষা কূটনীতি’ চালুর সুপারিশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই এই প্রস্তাবে নীতিগত সম্মতি প্রকাশ করেছেন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়। বৈঠকে উল্লেখ করা হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের এই ধরনের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রমাণ করে যে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারাও এ আলোচনায় অংশ নেন।



