― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল তৈরির কথা গুরুত্বের সঙ্গে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের সামাজিক মর্যাদা এবং জীবনমান নিশ্চিত করতে স্বতন্ত্র পে-স্কেল বা আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেন, জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদান বিবেচনায় নিলে তাঁদের বেতন কাঠামো অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা মোটেও উচিত নয়।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রাথমিক শিক্ষার তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষকদের বেতন ও মর্যাদার বিষয় তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নানা ধরণের প্রস্তাব আসায় সার্বিক বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে হচ্ছে।

জাতীয় সংসদে বিরোধী দলের এক সংসদ সদস্যের করা বেতনের তুলনামূলক সমালোচনার জবাব টেনে তিনি বলেন, শিক্ষকদের স্কেল অন্য পেশাজীবীদের সঙ্গে তুলনা করা তাদের মর্যাদার সঙ্গে অসমাঞ্জস্যপূর্ণ। বেতন কম বা বেশি যাই হোক না কেন, শিক্ষকতা পেশাকে অন্য কিছুর সঙ্গে দাঁড় করানো যায় না। শিক্ষকদের আর্থিক সুরক্ষার পাশাপাশি পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

শিক্ষক সংকট নিরসন প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন জানান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ধরে প্রধান শিক্ষকসহ বহু পদ শূন্য রয়েছে। ২০১৭ সাল থেকে শুরু হওয়া আইনি জটিলতা ও প্রশাসনিক বাধার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। বর্তমান সরকার এসব জটিলতা দ্রুত নিরসন করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এ ছাড়া দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে কারিগরি ও জীবনমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা জানান তিনি।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।