― Advertisement ―

ভারতে বিমান দুর্ঘটনায় উপ-মূখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো চার জনের মুত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক, ডিজিসিএ এই খবর নিশ্চিত করেছে। এ ছাড়াও অজিত পাওয়ারের ব্যক্তিগত সচিব অনিল টিকলের বরাত দিয়ে বিবিসি’র খবরেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের দেহরক্ষী ও একজন সহকারী এবং দুজন ক্রু সদস্য সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, মহারাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে উপ-মূখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে ভাড়া করা একটি ছোট বিমান মুম্বাই থেকে রওনা হয়ে পুণে জেলার বারামতীতে যাচ্ছিল।

ভারতীয় সময় সকাল পৌনে নয়টার দিকে রানওয়ের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

বারামাতীতে অবতরণের সময়েই ভারতীয় সময় সকাল পৌনে নয়টার দিকে রানওয়ের পাশে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন লেগে যায় বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ শরদ পাওয়ারের ভাইয়ের ছেলে ছিলেন অজিত পাওয়ার। তিনি দীর্ঘদিন শরদ পাওয়ারের নেতৃত্বে ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরপর ২০১৯ সালে দলে ভাঙন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে যোগ দেন অজিত পাওয়ার। পরে তাকে উপ-মুখ্যমন্ত্রী করা হয়।

এদিকে, বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতার পোস্ট করা এক বার্তায় তিনি এ ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।