হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক তেল পরিবহন চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৭ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির দুই পাশে থাকা ইরান ও ওমানের মধ্যে চুক্তি হলে প্রণালিটি দিয়ে স্বাভাবিকভাবে তেল পরিবহন আবারও শুরু হতে পারে।
গত পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় এর চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সুন্নি-প্রধান দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগও দেখা যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশগুলো পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগোচ্ছে।



