― Advertisement ―

আজ থেকে পাঁচ অভয়াশ্রমে মাছ ধরায় দুমাসের নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি: সব ধরনের মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশের ইলিশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে আজ থেকে সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

শনিবার (১ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।


মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসংলগ্ন আন্ধারমানিক নদীর অভয়াশ্রমটি এই নিষেধাজ্ঞার আওতায় নেই।

এখানে গত নভেম্বর থেকে ডিসেম্বর—দুই মাস নিষেধাজ্ঞা ছিল।


অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সাল থেকে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের অংশ হিসেবে এবারও মার্চ থেকে এপ্রিল এই দুই মাস অভয়াশ্রমগুলোয় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সরকারি সহায়তা পাবেন। আর কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী শাস্তি পাবেন।

নিষেধাজ্ঞাকালে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।


দেশের ছয়টি অভয়াশ্রম হলো পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী; চরইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদী; ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদী; চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর পর্যন্ত; লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদী; শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মা নদী।


বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ছয়টির মধ্যে পাঁচটি অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁদের জেল-জরিমানা করা হবে। এবার আমরা কোনোভাবেই নিষেধাজ্ঞা অমান্য করতে দেব না।

কঠোর অবস্থান নিতে এরইমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের যাতে কষ্ট না হয়, সে জন্য তাঁদের সরকারের পক্ষ থেকে চাল সহায়তা দেওয়া হবে।

বিএম/জ/রা