দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি মেলবন্ধন তৈরির লক্ষ্যে রাজধানীর ফার্মগেটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ‘নেক্সটজবস ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) নেক্সটজবসের উদ্যোগে এই মেলা আয়োজিত হয়। এতে ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, বিভিন্ন খাতের শিল্প বিশেষজ্ঞ এবং কয়েক হাজার চাকরিপ্রার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন নেক্সটজবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। এ ছাড়া আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, শ্রমবাজারের হালনাগাদ চাহিদার সঙ্গে সংগতি রেখে তরুণদের দক্ষ করে তোলা এখন সবচেয়ে জরুরি। শুধু অ্যাকাডেমিক সনদ অর্জন করলেই চলবে না। প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি কার্যকর যোগাযোগ, নেতৃত্বদান এবং সমস্যা সমাধানের মতো মৌলিক দক্ষতা অর্জন করাও অপরিহার্য।
তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগকে এক সুতোয় গাঁথতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। নেক্সটজবসের মতো উদ্যোগগুলো কেবল চাকরির তথ্যই দেয় না, তরুণদের প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত ও উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখে।
এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল অনসাইট বা ওয়াক-ইন ইন্টারভিউ ও স্পট নিয়োগ কার্যক্রম। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭৫০টি শূন্য পদের বিপরীতে ২,৫০০ জন চাকরিপ্রার্থী সরাসরি ইন্টারভিউতে অংশ নেন এবং অনেকেই সরাসরি চাকরির অফার লেটার পান। এর পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের দিকনির্দেশনামূলক সেশন, নেটওয়ার্কিং, ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী মেলায় নেক্সটজবসের লার্নিং ল্যাবের বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং হেডহান্টিং প্ল্যাটফর্ম ‘নেক্সট রিসোর্স’-এর পে-রোল ম্যানেজমেন্ট ও স্টাফিং সলিউশন প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, সদ্য স্নাতকোত্তর সম্পন্নকারী তরুণ থেকে শুরু করে অভিজ্ঞ নির্বাহী পর্যায়ের পেশাজীবীদের অংশগ্রহণ এ মিলনমেলাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।



