আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার (৮ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায়, সোমবার ভোর থেকে গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে দেইর আল-বালাহর একটি বাড়িতে ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে হামলায় ৩ জন নিহত হন। সামগ্রিকভাবে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫০ জনেরও বেশি।
১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে গাজায় ১ হাজার ৩৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় আরও ১৩৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে।
এদিকে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। নিরাপদ আশ্রয়ের অভাবে বহু ফিলিস্তিনি রাস্তায় দিন কাটাচ্ছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজা উপত্যকার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।
বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএম/সজীব



