― Advertisement ―

শুল্ক ইস্যুতে আলোচনায় বসার ঘোষণা ট্রাম্পের, চীনকে নতুন হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্টঃ শুল্ক ছাড় ও সময় চেয়ে বৈঠকের অনুরোধ করা দেশগুলোর সঙ্গে দ্রুত আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ট্রাম্প সরাসরি চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করে, তাহলে তাদের পণ্যের ওপর আরও ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হবে। এতে করে চীনা পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়াবে ১০৪ শতাংশ।

ট্রাম্প লিখেছেন, “রেকর্ড পরিমাণ শুল্ক, অবৈধ ভর্তুকি ও মুদ্রা কারসাজির প্রতিবাদে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরও চীন ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। ৮ এপ্রিল ২০২৫-এর মধ্যে চীন যদি এই বাড়তি শুল্ক প্রত্যাহার না করে, তবে ৯ এপ্রিল থেকে নতুন করে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। একই সঙ্গে চীনের অনুরোধে নির্ধারিত বৈঠকগুলোও বাতিল করা হবে।”

চীনের পাশাপাশি অন্যান্য দেশের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, “অন্যান্য যেসব দেশ বৈঠকের অনুরোধ জানিয়েছে, তাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসা হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে।

বিএম/সজীব