বুধবার (১২ আগস্ট) বালির পদাংবাই বন্দর থেকে লম্বকের লেমবার বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল কেএম পুত্রি ইয়াসমিন; নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে লম্বকের উদ্দেশে যাত্রা করা একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) লম্বকের উপকূলীয় জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। তবে ফেরিতে থাকা আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ হারিয়াদি জানান, কেএম পুত্রি ইয়াসমিন ফেরিটি বালির পদাংবাই বন্দর থেকে পশ্চিম নুসা তেংগারা প্রদেশের লম্বক দ্বীপের লেমবার বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
ফেরিটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধারে একাধিক উদ্ধারকারী দল কাজ করে।
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডের এটি সাম্প্রতিক আরেকটি ঘটনা। এর আগে এক মাসেরও কম সময় আগে কেএম মুত্যারা সেনতোসা ২ নামের একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হয়।



