ডেস্ক রিপোর্টঃ দেশের রপ্তানি খাতে মার্চ মাসে নতুন করে গতি এসেছে। চলতি বছরের মার্চে রপ্তানি আয় ১১.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.২৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৩.৮১ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৭.১৯ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৩৩.৬১ বিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১০.৬৩ শতাংশ।
রপ্তানি খাতের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক (আরএমজি) খাত শীর্ষস্থান বজায় রেখেছে। এ খাত থেকে জুলাই-মার্চ সময়ে ৩০.২৫ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।
শুধু মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানিতে ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের মার্চে তৈরি পোশাক রপ্তানি আয় ছিল ৩.০৭ বিলিয়ন ডলার, যা বেড়ে ৩.৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে তারা সতর্ক করেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে পণ্যের মান বজায় রাখা এবং নতুন বাজার অনুসন্ধানের ওপর জোর দিতে হবে।
বিএম/সজীব



