নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষকে পাঁচ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।
পাশাপাশি তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন।
দন্ডিতরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানার সাবেক সভাপতি মো. সালেহ আহমেদ, সম্পাদক মাওলানা মোস্তফা সালেহীন ও কোষাধ্যক্ষ মো. ওয়ালিয়ার রহমান।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ধানীসাফা নেছারিয়া এতিমখানা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময় দন্ডিতরা মাদ্রাসার নিজস্ব ২০ লাখ ও সরকারী সহায়তার ২৫ লাখ টাকা আত্মসাত করেন।
এ অভিযোগে ২০১৬ সালের ৮ জানুয়ারী এতিমখানার পরিচালক পর্যদের সদস্য মো. নাছির উদ্দিন হাওলাদার চার জনকে আসামী করে পিরোজপুরের বিশেষ জজ আদালতে মামলা করে।
দুর্নীতি দমন কমিশনের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন মামলার নামধারী পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেনকে অব্যাহতি দিয়ে দন্ডিত তিন জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৯ জানুয়ারী আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ২৩ জনের স্বাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছেন ।
বিএম/জ/রা



