― Advertisement ―

এখনো গাজায় প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে হতাহতের ঘটনা ঘটছে

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের দক্ষিণ গাজার জেইতুন এলাকায় একটি বাসে আর্টিলারি শেল দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই এলাকার সালাহ আল-দিন সড়কে কুয়েত রাউন্ডআবাউটের পূর্বদিকে ১০ জন যাত্রীসহ একটি গাজার উদ্ধার সংস্থার বরাত দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ শহরের একটি রাস্তায় বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। ছবি : এএফপি

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, এ হামলার ঘটনায় অন্তত একজন কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, ‘অন্যদের ভাগ্য এখনো অজানা, কারণ ঘটনাস্থলটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় সেখানে পৌঁছনো সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছনোর জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় চলছে।’

এদিকে অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন।

গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি হামলায় প্রতিদিন ফিলিস্তিনিদের আহত ও নিহতের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।