― Advertisement ―

সামারার শিল্পাঞ্চলে ইউক্রেনের বড় হামলা, রাশিয়ায় ক্ষয়ক্ষতি

ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার হামলা জোরদারের মধ্যেই রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলের শিল্প অবকাঠামোয় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সামারা অঞ্চলে ব্যাপক আকারে হামলা চালায় ইউক্রেন। সামারা শহরের প্রধান ইভান নস্কভ জানান, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। তবে হামলার ঘটনায় শহরের কয়েকটি শিল্প স্থাপনায় স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইভান নস্কভ বলেন, হামলাটি ছিল ‘ব্যাপক’ এবং এতে ক্ষতিগ্রস্ত শিল্প এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। হামলায় আহত কয়েকজনকে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে আহতের সংখ্যা বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে সামরিক ও শিল্প অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন রুশ কর্মকর্তা দাবি করেছেন।

তবে শনিবারের হামলায় ঠিক কোন শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।