যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়ের ৩৬ বছর বয়সে মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুর খবর রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে তাঁর প্রতিনিধি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হেইডেনের বাবা অ্যালান ‘স্কিপ’ প্যানেত্তিয়ের এক বিবৃতিতে মেয়ের মৃত্যুর খবর জানান। তিনি বলেন, হেইডেন ছিলেন এমন একজন মানুষ, যিনি তাঁর আশপাশের মানুষের জীবনে অপরিসীম ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিতেন।
বিবৃতিতে তিনি হেইডেনকে পরিবারের জন্য অত্যন্ত প্রিয় একজন মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, পর্দায় তাঁকে দেখে ভালোবাসা পাওয়া কোটি মানুষের কাছেও তাঁর মৃত্যু গভীর শোকের।
পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন হেইডেন। পরে ২০০৬ সালে এনবিসির জনপ্রিয় সিরিজ ‘হিরোস’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে আরও প্রশংসা পান। এই চরিত্রের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন।
টেলিভিশনের পাশাপাশি ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘স্ক্রিম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন হেইডেন। তাঁর সর্বশেষ চলচ্চিত্রের কাজের মধ্যে ২০২৬ সালের মনস্তাত্ত্বিক থ্রিলার ‘স্লিপওয়াকার’ উল্লেখযোগ্য।
মাত্র ৩৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হলিউড ও তাঁর ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।



