নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৫ বছর পর আজ বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এবারের চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন। কেন্দ্রীয় নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী।
সব মিলিয়ে একজন ভোটারকে ৪০টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে, পাঁচ পাতার ব্যালটে। এরপর মেশিনে গণনা করে ১৫টি কেন্দ্রে হবে ফলাফল গণনা।



