মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য এবং পরিবেশকে একসূত্রে গেঁথে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উচ্চশিক্ষার মূল পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ বা এক স্বাস্থ্য ধারণা যুক্ত করার ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
থার্ড ওয়ান হেলথ ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশের সহযোগিতায় এবং এআইইউবির ব্যবস্থাপনায় আয়োজিত ওই সিম্পোজিয়ামে বক্তারা মানব ও প্রকৃতির পারস্পরিক নিবিড় সম্পর্কের ওপর আলোকপাত করেন। ড. মাছুমা হাবিব তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং প্রাণী থেকে মানুষে রোগ সংক্রমণের মতো জটিল বৈশ্বিক সংকটগুলো একা কোনো একটি খাতের পক্ষে মোকাবিলা করা অসম্ভব।
বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ দ্রুত নগরায়ণ এবং পরিবেশগত চ্যালেঞ্জের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে উল্লেখ করে ইউজিসির এই সদস্য জানান, উদীয়মান সংক্রামক রোগের ৭৫ শতাংশের বেশি প্রাণী ও পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই কেবল চিকিৎসাবিজ্ঞান বা নার্সিং নয়; ফার্মেসি, মাইক্রোবায়োলজি, প্রাণিবিজ্ঞান, কৃষি, খাদ্যবিজ্ঞান এবং পরিবেশবিজ্ঞানের মতো বৈচিত্র্যময় পাঠ্যক্রমে ওয়ান হেলথ ধারণার সুনির্দিষ্ট প্রতিফলন থাকা অপরিহার্য।
দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথা তুলে ধরে ড. মাছুমা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি পর্যায়ে এআইইউবি ওয়ান হেলথ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এই ধরনের কেন্দ্রগুলো সংশ্লিষ্ট সংকট উত্তরণে গবেষক ও শিক্ষার্থীদের মাঠপর্যায়ে কাজ করার পথ সুগম করবে।
বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক চাহিদার উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান ড. মাছুমা। ইউজিসির পক্ষ থেকেও ফলাফলভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বদান ক্ষমতা, সমন্বিত চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর ওপর সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সিম্পোজিয়ামে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং ওয়ান হেলথ প্লাস সেন্টারের লিড অধ্যাপক ড. মুহাম্মদ ওয়াসিফ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, গবেষক, স্বাস্থ্যসেবা খাতের পেশাজীবী ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।



