ডেস্ক রিপোর্ট: পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে ঢাকার আদাবর থানার মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর কে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করেন।
গেপ্তারের বিয়ষটি নিশ্চিত করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আদাবর থানায় করা রুবেল হত্যা মামলায় আজ বুধবার সকাল ৯টার দিকে শাজাহান ওমর কে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে শাহজাহান ওমর কে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে,গত বছরের ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন।
এ সময় আসামীর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।
এদিকে আজ সকালে আদালতে হাজির করার সময় ছবি তোলায় সাংবাদিকদের ওপর চোটপাট দেখায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর।
উল্লেখ্য: গত ২১ নভেম্বর দুপুরে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএম/জ/রা



