ডেস্ক রিপোর্টঃ বঙ্গোপসাগরে সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেইফগার্ড’। নৌ, সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে আয়োজিত এই মহড়ার সমাপনী দিনে বাহিনী প্রধানরা সরাসরি যুদ্ধজাহাজে উপস্থিত থেকে মহড়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আইএসপিআর জানিয়েছে, বাহিনী প্রধানরা যুদ্ধজাহাজে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট তাদের স্বাগত জানান এবং নৌবাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে।
নৌসীমার নিরাপত্তা ও দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ নৌবাহিনী এই মহড়ার আয়োজন করে। এতে ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়।
এছাড়াও সেনা ও বিমান বাহিনীর সদস্যরা, কোস্টগার্ড এবং অন্যান্য সামুদ্রিক সংস্থাগুলো এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশেষায়িত বাহিনী সোয়াডস্ও মহড়ায় ভূমিকা রাখে। সফলভাবে মিসাইল উৎক্ষেপণসহ বিভিন্ন কৌশলগত কার্যক্রমের মধ্য দিয়ে এই মহড়া সমাপ্ত হয়, যা দেশের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএম/সজীব



