ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হতে যাচ্ছে। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ৩১ জানুয়ারি শেষ হলে, যারা এখনো বৈধতা নেননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিক অবস্থান করছেন, যার মধ্যে অন্তত ৫০ হাজার জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের মধ্যে ভারতের ২৪ হাজার, চীনের ৮ হাজার এবং পাকিস্তানের ২ হাজার নাগরিক রয়েছেন। এছাড়াও উন্নত দেশসহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকরাও বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা বাংলাদেশে অবস্থান করবেন, তাদের প্রতিদিনের জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত, কিন্তু এখন প্রতিদিনের ভিত্তিতে জরিমানার নিয়ম চালু করা হয়েছে।
অবৈধ বিদেশিদের অনেকেই মাদক ব্যবসা, প্রতারণা, হুন্ডি, জাল মুদ্রা ব্যবসা, মানব পাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। আবার অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে কর ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ বিদেশে পাচার করছেন।
পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সিআইডি ইতোমধ্যে অবৈধ বিদেশিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের পরিকল্পনা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
দেশে অবস্থানরত সব বিদেশিদের সঠিকভাবে নিবন্ধনের আওতায় আনতে সরকারের উদ্যোগ প্রশংসিত হলেও, দীর্ঘদিন ধরে থাকা অবৈধ বিদেশিদের দ্রুত শনাক্তকরণ ও প্রত্যাবাসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিএম/সজীব



