― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

জাপান গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ সদস্যের প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি:

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আট সদস্যের একটি প্রতিনিধি দল। জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সির (জেএসটি) আমন্ত্রণ ও অর্থায়নে তাঁরা ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জাপানের টোকিওতে কোগাকুইন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম। গত সোমবার দুপুরে তাঁরা জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

প্রতিনিধি দলের সদস্যরা এসময় জাপানের কোগাকুইন ও তোহোকু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবেন। পাশাপাশি, তাঁরা লেকচার প্রোগ্রামে অংশগ্রহণ, গবেষণা উপস্থাপন এবং মতবিনিময় সভা করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাপানের কোগাকুইন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতামূলক গবেষণা সহযোগিতা ও যৌথ গবেষণা প্রকল্পের সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. লোকমান হোসেন ও মো. আসাদুজ্জামান। এছাড়া, শিক্ষার্থী হিসেবে রয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইমন, মো. আল আমিন, মো. আতিকুর রহমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওনূর রহমান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কেয়া আলম।
নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক মো. খোরশেদ আলম। আন্তর্জাতিক খ্যাতনামা এই সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে। ২০২৪ সালেও তিনি এই তালিকায় সেরাদের মধ্যে রয়েছেন। এছাড়া ২০২১ সালে বায়োমেমব্রেন নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড জেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এর নেতৃত্বে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম। ২০২৩ সালে টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন তাঁর তত্ত্বাবধানে আরেকটি গবেষণা প্রবন্ধ বেস্ট পেপারের স্বীকৃতি পেয়েছিল। সেরা হিসেবে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করা গবেষণাটির শিরোনাম ছিল ‘সিমুলেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট ডেটা মাইনিং ফর মলিকুলার ট্রান্সপোর্ট থ্রু মাল্টিপোল ন্যানোপোরস ইন অ্যান ইলেকট্রোপোরেটেড জায়ান্ট ইউনিলামেলার ভেসিকেল’। গবেষণাটি পরিচালনা করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোভন সাহা।

মো. খোরশেদ আলম জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ পিএইচডি সম্পন্ন করে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়, টোকিও এর কোগাকুইন বিশ্ববিদ্যালয় ও জাপানের ওকাজাকির আইএমএস থেকে ৩ টি পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। অটোমোবাইল ক্যাটালিস্ট, এনোড ক্যাটালিস্ট, সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, হেড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস, বায়োফিজিক্স ইত্যাদি গবেষণা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
এবারও তাঁর নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল জাপানে যাচ্ছে। খোরশেদ বলেন, “এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, কোগাকুইন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও একাডেমিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে।