ডেস্ক রিপোর্ট: শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে নিহতের তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি ।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহত হন তারা ।
সেদিন রাত গভীর হওয়ার পর পর নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অবস্থান কর্মসূচি পালনকারীদের সরিয়ে দেয়া হয়।
অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। এতে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৯৩ জনের নাম প্রকাশ করা হয়েছে ।
গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী।
তিনি বলেন, নিহত ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশের এই তালিকা প্রাথমিক। তথ্য সঠিক যাচাই-বাছাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের এই কর্মী ।
উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে লাখ লাখ কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন বলে দেখা গেছে।
বিএম/জ/রা



