বিশেষ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার পতনের পর থেকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ইসলাম বিজয়ী হওয়া এখন এদেশের গণমানুষের জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
তবে ইসলামের গণজোয়ার ঠেকাতে একদল স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঐতিহাসিক চরমোনাই মাহফিলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর সাহেব চরমোনাই।
তিনি আরও বলেন, বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হয়েছে। তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে আদর্শিক জনশক্তি গঠনে কাজ করে যাচ্ছে। আমাদের স্লোগান হলো ‘সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন’। তাই সাহাবাদের চরিত্রে মানব জীবন গঠনের লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। যেভাবে স্বৈরাচার পতনের জন্য কাজ করা হয়েছে, সেভাবেই দেশ গঠনের জন্য ছাত্র সমাজকে প্রস্তুতি নিতে হবে।
গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামেত সামি তেমেল (তুরস্ক) – সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট-সাদেত পার্টি ইউরোপ শাখা, ডক্টর আদেহ নুয়ানসা ইউবিসোনু (ইন্দোনেশিয়া) – হেড অফ ফরেন অ্যাফেয়ার্স অফ ইসলামিক উম্মাহ ইউনিয়ন, এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমাদ সিদকী।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুনতাছির আহমাদ, মাহবুবুর রহমান নাহিয়ান প্রমুখ।
আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
বিএম/জ/রা



