ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, বিজয়নগর কালভার্ট এলাকায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইলেকে এসে দুই ব্যক্তি হাদিকে গুলি করে চলে যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন তার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজেও দেখা যায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিজয় নগর কালভার্ট এলাকায় কালো রংয়ের একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি ওসমান হাদির মাথা লক্ষ্য করে অল্প দুরত্ব থেকে একটি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে।
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। গত ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর জুলাই গণঅভ্যুথানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ।



