― Advertisement ―

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ভারতে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ নিয়ে কয়েকটি মামলা দায়ের হয়েছে। উত্তর প্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

গত রবিবার উত্তরাখণ্ডের কাশীপুরে একই ধরনের ব্যানার হাতে মিছিলের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ আটজনকে আটক করে। একই দিন উত্তর প্রদেশের উন্নাওতে একইরকম মিছিলের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মুসলিমরা অভিযোগ করেছেন, নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করায় পুলিশ তাদের লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি জানান, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদুন্নবীর প্রচলিত শোভাযাত্রার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু স্থানীয়রা অন্যত্র প্যান্ডেল বানিয়ে সেখানে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগান।

পরে এর বিরোধিতা করে অন্য একটি পক্ষ। উভয়পক্ষের সমঝোতায় ব্যানারটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়। ত্রিপাঠির দাবি, মামলা ব্যানারের লেখা নিয়ে নয়, বরং অনুমোদিত স্থান ছাড়া অন্যত্র প্যান্ডেল বানানো ও শোভাযাত্রার সময় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে হয়েছে।

মামলায় বলা হয়, ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগিয়ে মুসলিম সম্প্রদায় নতুন প্রথা চালু করার চেষ্টা করছিল এবং অন্য সম্প্রদায়ের মানুষ তা প্রতিহত করেন। এ ছাড়া শোভাযাত্রার সময় ‘অন্য সম্প্রদায়ের’ ধর্মীয় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও আছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়েছে।

এদিকে লক্ষ্ণৌতেও বিক্ষোভ হয়েছে। লক্ষ্ণৌতে রাজ্য বিধানসভার প্রবেশপথে কয়েকজন নারী ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার হাতে বিক্ষোভ করেন। উত্তর প্রদেশের কানপুরে দায়ের হওয়া মামলার বিরুদ্ধে উন্নাও ও বহরাইচে বিক্ষোভ হয়েছে। উন্নাওয়ের গঙ্গাঘাট থানা এলাকায় বিনা অনুমতিতে মিছিল করায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন নারী ও শিশু ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন।

উন্নাওয়ের সিনিয়র পুলিশ সুপার (উত্তর) অখিলেশ সিং জানান, ১৬৩ ধারা অনুযায়ী জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, তাই অনুমতি ছাড়া মিছিল করা যায় না। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।

উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ধর্মপাল সিং বলেন, ‘আইন নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেওয়া হবে না। খবর পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফৈজুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল করে গিয়ে আই লাভ মুহাম্মদ লিখা ব্যানার লাগানোর জন্য যে এফআইআর দায়ের হচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছিলাম। কোনো স্লোগান তুলিনি, আইন ভাঙিনি। পরে জানতে পারি আমাদের বিরুদ্ধেই মামলা হয়েছে।’

তিনি এফআইআর বাতিলের জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। উত্তর প্রদেশ ছাড়াও গুজরাতের গোধরা, মুম্বাইয়ের ভায়খলা ও উত্তরাখণ্ডের কাশীপুরে বিক্ষোভ হয়েছে। গোধরায় একটি থানার সামনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় ৮৭ জনের নামে মামলা ও ১৭ জন গ্রেপ্তার হয়েছে।